শক্তিশালী ৩ ন্যানোমিটার চিপের প্রথম স্মার্টফোন হবে ‘আইফোন ১৪’

২৪ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৬  
২০২১ সালে টিএসএমসি’র ৫ ন্যানোমিটার চিপ উৎপাদনের প্রায় ৮০ শতাংশই নিজেদের জন্য বরাদ্দ করেছে অ্যাপল। ৫ ন্যানোমিটার চিপটি বর্তমানে তৈরি হওয়া চিপগুলো মধ্যে সবচেয়ে আধুনিক প্রযুক্তির এবং এই প্রযুক্তি অ্যাপলের এ১৪ বায়োনিক চিপসেটের মধ্যে ১১.৮ বিলিয়ন ট্রানজিস্টর স্থাপন করতে সমর্থ। ৭ ন্যানোমিটার প্রক্রিয়ায় এ১৩ বায়োনিক এসওসিকে ৮.৫ বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে। এ১৩ বায়োনিকের চেয়ে এ১৪ বায়োনিক অধিক উন্নত ও এনার্জী সাশ্রয়ী। আইফোন ১২ ফাইভজি ফোনে সর্বশেষ চিপটি ব্যবহার করা হয়েছে। অ্যাপল ইনসাইডারের মতে, যখন টিএসএমসি ৩ ন্যানোমিটার চিপ উৎপাদনের প্রক্রিয়া চালাবে তখনই অ্যাপল যতো পরিমান সম্ভব ততো চিপ নিজেদের করে নেবে। ইতিমধ্যেই অ্যাপল এ এবং এম সিরিজের চিপসেটের জন্য ৩ ন্যানোমিটার চিপের কার্যাদেশ দিয়েছে। সূত্র জানিয়েছে, ২০২২ সালের প্রথম থেকে টিএসএমসি ৩ ন্যানোমিটার চিপের বৃহৎ উৎপাদনে যাবে। এছাড়া আগামী বছরের দ্বিতীয়ার্ধে পরীক্ষামূলকভাবে এই চিপ তৈরি হবে। এর ফলে ২০২২ এ ৩ ন্যানোমিটার এ১৬ বায়োনিক চিপসেট নিয়ে উন্মোচিত হতে পারে অ্যাপলের আইফোন ১৪। ডিবিটেক/বিএমটি